ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে বিক্ষুব্ধ জনতা সেখানে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেবো না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’—এমন নানা স্লোগান দেয়।
সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির আশপাশের একাধিক স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্র-জনতা। কয়েকজনকে বাড়িটির একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুর করতেও দেখা যায়।
এর আগে রাত থেকেই বিক্ষুব্ধরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে রামপুরা, মিরপুর ও কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবরোধ সৃষ্টি করে যান চলাচল ব্যাহত করে তারা।
রাত ১২টার দিকে কারওয়ান বাজার এলাকায় একটি জাতীয় দৈনিকের কার্যালয়ে ভাঙচুর ও নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরেকটি সংবাদপত্রের কার্যালয়ের দিকেও অগ্রসর হয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এদিকে টিএসসি থেকে মিছিল বের করে জাতীয় ছাত্রশক্তি। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’—এমন স্লোগান দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলো থেকেও শিক্ষার্থীরা বের হয়ে বিক্ষোভে অংশ নেন। ইনকিলাব মঞ্চ, এনসিপি নেতা-কর্মী ও জুলাই যোদ্ধারাও শাহবাগ এলাকায় অবস্থান নেন।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি হাদির মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর একই রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
ঢাকায় তার অস্ত্রোপচারে অংশ নেওয়া নিউরো সার্জন আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে শরিফ ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

