ইরানে অভিযান: আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৯:৩১ এএম
ইরানে অভিযান: আজ সংবাদ সম্মেলনে আসছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানে চালানো সামরিক অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর এটিই হবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং।

পেন্টাগন সূত্র জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই অভিযানের বিবরণ তুলে ধরবেন, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। তার সঙ্গে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জন কেইন উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে এই প্রথম কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তা সরাসরি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন।

অভিযান শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি সাক্ষাৎকার ও দুটি ভিডিও বার্তা প্রকাশ করলেও কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেননি। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা বিভাগের এই ব্রিফিং সবার নজর কেড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম মনে করছে, এই সংবাদ সম্মেলন থেকে পরবর্তী সামরিক কৌশল সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...