স্ট্রোকের খবরে বুলিং, সাইবার আইনে ব্যবস্থা নেবেন তৌসিফ আহমেদ
স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও বুলিংয়ের শিকার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। শনিবার ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি জানান, তার অসুস্থতা নিয়ে কিছু ব্যক্তি যে মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে, তা মেনে নেওয়া হবে না। সাইবার নিরাপত্তা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এই শিল্পী।
তৌসিফ জানান, গত ২৯ ডিসেম্বর বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। ওই ঘটনায় তার মাথায় ২৭টি সেলাই করতে হয় এবং পরীক্ষার পর ধরা পড়ে তিনি স্ট্রোক করেছেন। হাইপার গ্লাইসেমিয়া বা রক্তে চিনির পরিমাণ বেড়ে যাওয়ায় সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। ১ ডিসেম্বর হাসপাতাল থেকে বাসায় ফিরলেও, তার শারীরিক অবস্থা নিয়ে অনেকে কৌতুক ও অপপ্রচার চালাচ্ছেন। তিনি জানান, তার বাবা একজন সম্মানিত বিবিএস ক্যাডার ও সাবেক সিভিল সার্জন ছিলেন এবং তার ভাই-বোনরা সবাই ডাক্তার ও প্রকৌশলী।
‘দূরে কোথাও আছি বসে’ গানের এই গায়ক অভিযোগ করেন, তার নাম পরিবর্তন করে ‘তৌসিফ উদ্দিন’ লেখা হচ্ছে, যা একদম মিথ্যা। তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে পাস করা তার শিক্ষাগত যোগ্যতা ও পরিবারের সম্মান নিয়ে কেউ যেন কটূক্তি না করেন। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

