ছবির বাজেট বাড়ার পেছনে যা বললেন ভিকি ও কৃতি
বলিউডে সিনেমা নির্মাণের খরচ এখন আকাশচুম্বী। শুধু শুটিংয়ের আনুষঙ্গিক খরচ নয়, তারকাদের বিলাসবহুল চাহিদা মেটাতে গিয়ে নির্ধারিত বাজেটের গণ্ডি পেরিয়ে যাচ্ছে প্রযোজকরা। এমন পরিস্থিতিতে শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে এবার নীরবতা ভাঙলেন বলিউড তারকা ভিকি কৌশল ও কৃতি স্যানন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে তারা তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরেছেন।
ভিকি কৌশল জানান, তিনি এমনটা শুনেছেন কিন্তু সরাসরি চোখে দেখেননি। তবে তিনি মনে করেন, যদি অনর্থক বাজেট বৃদ্ধির কারণে কোনো সিনেমা বা প্রযোজক ক্ষতিগ্রস্ত হন তবে বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। অন্যদিকে, শুটিং সেটে বাড়তি সুবিধার পক্ষে মত দিয়েছেন কৃতি স্যানন। তার যুক্তি, সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শুটিং থাকলে অভিনেতাদের ফিটনেস রুটিন ঠিক রাখা কঠিন হয়। তাই সেটেই জিমের ব্যবস্থা থাকলে সময় বাঁচে এবং কাজের গতিও বজায় থাকে, যা বেশিরভাগ প্রযোজক বুঝতে পারেন।
এর আগে এই ইস্যুতে সরব হয়েছিলেন আমির খান ও বিশ্লেষক কোমল নাহতা। আমির খান প্রশ্ন তুলেছিলেন, কেন একজন প্রযোজককে অভিনেতার ব্যক্তিগত বিল বা স্পট বয়ের টিপস মেটাতে হবে? তার অভিযোগ ছিল, বর্তমান সময়ের তারকারা শুটিং ফ্লোরে লাইভ কিচেন বা জিমের মতো নানা সুবিধা দাবি করেন, যা বাজেটের ওপর চাপ সৃষ্টি করে। তারকাদের আবদার এবং বাণিজ্যিক বাস্তবতার মধ্যে এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামবে, তা নিয়ে চলছে জোর আলোচনা।

