শরীর ডিটক্স করতে সোহা আলি খানের পছন্দের পানীয়ের রেসিপি
সুস্থ থাকার প্রতি বেশ আগ্রহী বলিউড তারকা সোহা আলি খান। বর্তমানে শরীর সতেজ রাখতে তিনি নিয়মিত গ্রিন জুস পান করেন। শর্মিলা ঠাকুরের কন্যা হলেও ফিটনেসের ব্যাপারে তার কোনো আপস নেই। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমেই নিজেকে সুস্থ রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি তার প্রিয় একটি ডিটক্স পানীয়ের রেসিপি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
নিজের ফেসবুক পেজে সোহা জানিয়েছেন, এই পানীয়টি শুধুমাত্র ডিটক্স করার জন্য নয়, এটি শরীরের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। লিভারের কার্যক্ষমতা ঠিক রাখা, শরীরে আর্দ্রতা বজায় রাখা এবং প্রদাহ কমানোর জন্য এই রস অত্যন্ত কার্যকর। এতে প্রচুর পরিমাণে খনিজ উপাদান ও ফাইবার থাকে। তিনি বলেন, সকালের নাস্তার পর অথবা দুপুরের খাবারের আগে এই পানীয় পান করলে হজম প্রক্রিয়া ভালো থাকে এবং হরমোনের ভারসাম্যও ঠিক থাকে। তবে তিনি পরামর্শ দিয়েছেন, সবার শরীরের ধরন এক হয় না, তাই অল্প পরিমাণ দিয়ে শুরু করা উচিত।
এই স্বাস্থ্যকর পানীয় তৈরি করতে যা যা লাগবে তা হলো— অর্ধেকটি গাজর, অর্ধেকটি শসা, দুই ডাঁটা সেলেরি, এক চতুর্থাংশ কাপ ডাবের পানি, দেড় টেবিল চামচ ভেজানো চিয়া বীজ, অর্ধেক কাপ ড্রাগন ফ্রুট, অর্ধেক চা চামচ কুচি করা আদা, এক মুঠো ধনিয়া পাতা, এক মুঠো সেদ্ধ অঙ্কুরিত মুগ ডাল, দেড় চা চামচ শনের বীজ এবং একটি লেটুস পাতা। সব উপাদান একসাথে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। মিশ্রণটি ঘন মনে হলে আরও কিছু ডাবের পানি যোগ করা যেতে পারে।
সোহা আলি খানের জীবনযাত্রা অনেকটাই সাদামাটা। ব্যস্ত অভিনয় জীবনের মাঝেও তিনি সুশৃঙ্খল জীবনযাপনে বিশ্বাসী। তার মতে, সুস্থ থাকার জন্য শরীরকে অবশ্যই প্রয়োজনীয় পুষ্টি ও বিশ্রাম দিতে হয়। এই প্রাকৃতিক উপায়ে শরীরের ক্লান্তি দূর করা সম্ভব।

