বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট হিমাংশী ও রণবীর, দাবি ১০ কোটি টাকা চাঁদা

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৪ পিএম
বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট হিমাংশী ও রণবীর, দাবি ১০ কোটি টাকা চাঁদা

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের হুমকিতে এবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলিউডের আরেক অংশে। জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি এবং অভিনেতা রণবীর সিংয়ের পর এবার ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী হিমাংশী খুরানার কাছে অস্ত্রের মুখে বিশাল অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। মোহালি পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

হিমাংশী খুরানার অভিযোগ, বাবা সিদ্দিকী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত জিশান আখতার তাকে এই হুমকি দিয়েছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জিশান ইমেইল ও অডিও বার্তার মাধ্যমে ১০ কোটি টাকা দাবি করেন। নিরাপত্তার স্বার্থে ওই অভিনেত্রীকে ইতিমধ্যে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলে থাকাকালীন লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে জিশানের ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বর্তমানে তিনি গ্যাংয়ের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

শুক্রবার সকালে ফের রোহিত শেঠি ও রণবীর সিংয়ের কাছে হুমকিভরা অডিও পাঠানো হয়। রণবীরকে পাঠানো বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এমন অবস্থা করা হবে যা সাত জন্মেও মনে থাকবে। এর আগে রোহিত শেঠির বাড়িতে গুলি চালিয়েছিল বিষ্ণোই গ্যাং। বিষয়টি তদন্ত করছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। রোহিতের বাড়িতে হামলায় জড়িত চার অভিযুক্তকে নিয়ে অপরাধের দৃশ্য পুনর্নির্মাণ করেছে পুলিশ।

একটির পর একটি ঘটনায় বলিউড ইন্ডাস্ট্রিতে ফের নয়ের দশকের গ্যাংস্টার দৌরাত্ম্যের ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। হাইপ্রোফাইল তারকাদের টার্গেট করে চাঁদাবাজির এই ঘটনায়য় গোটা ইন্ডাস্ট্রিতেই আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ প্রশাসন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...