ভালোবাসা দিবসে সাজছে ‘পাঁচফোড়ন’, রোমান্সে সজল-সারিকা
আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে এটিএন বাংলা। প্রায় দুই যুগ ধরে দর্শকদের পছন্দের তালিকায় থাকা ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ এবারও নানা রঙে সাজছে। ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা ৫ মিনিটে এই অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলার পর্দায়। এবারের পর্বের মূল গল্প এগিয়েছে একটি দম্পতির ঘরোয়া সুখের মুহূর্ত নিয়ে। বাইরের রঙিন দুনিয়া নয়, বরং নিজেদের আপন ঘরে দিনটি উদযাপনের গল্প দেখা যাবে এতে।
এই বিশেষ পর্বের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আবদুন নূর সজল ও সারিকা সাবরিন। নাটকীয় গল্পের পাশাপাশি এবার থাকছে দুটি নতুন গান। কবির বকুলের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, যার সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। অন্যদিকে মনিরুজ্জামান পলাশের লেখা একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা; গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এছাড়াও জনপ্রিয় লোকগানের সঙ্গে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনা থাকছে এই আসরে।
গান ও নাটকের বাইরেও ‘পাঁচফোড়ন’ এবার সাজিয়েছে দুটি ব্যতিক্রমী প্রতিবেদন। যশোরের বাঘারপাড়া উপজেলার ‘রস কাকা’ খ্যাত কাজী মাওলানা ফারুক হোসেনের খেজুরের রস ও ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা তুলে ধরা হবে একটি প্রতিবেদনে। অন্য প্রতিবেদনে দেখা যাবে মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করা এক শিয়ালের অদ্ভুত গল্প। ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় এই অনুষ্ঠানটি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

