হাসপাতালে সম্মান ও সময়ের মূল্য নেই: সোচ্চার পিয়া জান্নাতুল
বিনোদন জগতের পরিচিত মুখ এবং পেশায় আইনজীবী পিয়া জান্নাতুল এবার দেশের স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা নিয়ে সরব হলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নামী হাসপাতালগুলোর সেবার মান নিয়ে প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি রোগীদের প্রতি কর্তৃপক্ষের উদাসীন মনোভাবকে অত্যন্ত অমানবিক বলে অভিহিত করেছেন।
পিয়া জান্নাতুল তার পোস্টে জানান, শারীরিক ব্যথা ও মানসিক দুশ্চিন্তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে বসে থাকতে হয় রোগীদের। কিন্তু এই দীর্ঘ অপেক্ষার কষ্ট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মনে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না। তিনি বলেন, কেউ শখের বশে হাসপাতালে আসে না, সবাই স্বাস্থ্যের প্রয়োজনে বাধ্য হয়েই আসে। অথচ পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও জনবল থাকা সত্ত্বেও দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতেও সময়ের কোনো মূল্য নেই, যা হতাদেরজনক।
এই অভিনেত্রী মনে করেন, বিপুল অর্থ খরচ করেও সাধারণ মানুষ সঠিক সময়ে সেবা ও সম্মান পান না। এ কারণেই যাদের সামর্থ্য আছে, তারা চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হন। তারা শুধু উন্নত চিকিৎসার জন্যই নয়, একটু সম্মান ও মানবিক ব্যবহারের আশায় বিদেশের দিকে ঝুঁকছেন। রোগী হওয়ার কারণে তাদের সময়ের কোনো মূল্য নেই কি-না, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ একটু মানবিক হলেই পরিস্থিতির অনেক পরিবর্তন সম্ভব। উল্লেখ্য, পিয়া জান্নাতুল হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে আইনজীবী হিসেবে কাজ করেছেন।

