দৃশ্যম ৩ থেকে বাদ অক্ষয়, অপেশাদার আচরণের অভিযোগ
দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে ‘দৃশ্যম ৩’ সিনেমা থেকে বাদ পড়ার বিষয়টি স্বীকার করেছেন প্রযোজক কুমার মঙ্গত পাঠক। তিনি জানিয়েছেন, অক্ষয় খান্নার অপেশাদার আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে প্রযোজনা প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিনেতার এমন আচরণের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন এই প্রযোজক।
প্রযোজকের অভিযোগ, আলিবাগে চিত্রনাট্য শোনার সময় অক্ষয় খান্না ছিলেন অত্যন্ত আগ্রহী। তিনি ওই গল্পকে ৫০০ কোটি টাকার সিনেমার স্ক্রিপ্ট বলে প্রশংসাও করেছিলেন। কিন্তু চুক্তি স্বাক্ষর ও অগ্রিম পারিশ্রমিক বাবদ টাকা নেওয়ার পর, শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে ছবি থেকে সরে দাঁড়ান তিনি। পরচুলা পরার বিষয়ে পরিচালক অভিষেক পাঠকের সঙ্গে তার মতপার্থক্য এবং নিজের পরিবেশকর্মীদের উসকানিতে এমন সিদ্ধান্ত নেন বলে অভিযোগ ওঠে। এর ফলে অক্ষয়ের বদলে এই চরিত্রে অভিনত করবেন জয়দীপ আহলাওয়াত।
এ বিষয়ে কুমার মঙ্গত পাঠক আরও বলেন, ২০১৯ সালে ‘সেকশন ৩৭৫’ সিনেমায় কাজ করার সময়ও অনেকে তাকে অক্ষয়ের বিষাক্ত মনোভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি মনে করেন, মাল্টিস্টারার সিনেমার সাফল্যের কারণে নিজেকে খুব বড় তারকা ভাবতে শুরু করেছেন অক্ষয়। তবে বাস্তবতা হলো, একক নায়ক হিসেবে তার কোনো সিনেমাই ভারতে ৫০ কোটি টাকার ব্যবসা করতে পারে না। এমনকি ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের কৃতিত্বও একা নেওয়ার চেষ্টা করছেন এই অভিনেতা।

