জকসু নির্বাচন স্বচ্ছ করতে মক ভোটিং ভুল নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের স্বচ্ছতা বজায় রাতে কমিশন সবোর্চ্চ আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৫ জানুয়ারি, সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মক ভোটিংয়ের সময় একটি অনিচ্ছাকৃত ভুলকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটানোর চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলা হয়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রথম মক ভোটিংয়ে ব্যবহৃত একটি ব্যালট পেপার ভুলবশত অব্যবহৃত পেপারের স্তূপে মিশে যায়। এরপর ৪ জানুয়ারি ২০২৬ সালে দ্বিতীয় দফা মক ভোটিংয়ের সময় ওই পেপারটি একজন প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়। কমিশন এটিকে একটি সাধারণ ভুল হিসেবে দাবি করে জানিয়েছে, এর সাথে নির্বাচনের গ্রহণযোগ্যতার কোনো সম্পর্ক নেই। এর আগে একই দিন রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ডেমো ভোটে ইভিএমে ফলাফলের অমিল পাওয়ার অভিযোগ তোলে। তারা অভিযোগ করেন, দুটি ভিন্ন মেশিনে দুই ধরনের ফলাফল দেখা গেলেও কর্তৃপক্ষ তা সেন্সর সংবেদনশীলতার কারণে হতে পারে বলে দাবি করেছে।
নির্বাচন কমিশন এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে অভিহিত করে স্পষ্ট করে দিয়েছে যে, এ ধরনের ঘটনা দীর্ঘদিন পর অনুষ্ঠেয় এই ছাত্র সংসদ নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেয় না। এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত ৩০ ডিসেম্বর নির্ধারিত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কর্তৃপক্ষ আগামী ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছে।

