জাবিপ্রবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভিসি-প্রোভিসির পদত্যাগ দাবি

প্রাইম বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৪ এএম
জাবিপ্রবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভিসি-প্রোভিসির পদত্যাগ দাবি

নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ভিসি ও প্রো-ভিসির অপসারণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দফায় দফায় এই হট্টগোলের ঘটনা ঘটে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর শহীদদের আত্মত্যাগের সুযোগ নিয়ে ক্যাম্পাসে নতুন করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এবং প্রশাসনের ছত্রছায়ায় বিশ্ববিদ্যালয়ের অর্থ অপচয় ও নিয়োগ বাণিজ্য চলছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, প্রশাসন চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত ব্যক্তি এবং প্রক্টর সাদিকুর রহমান, প্রভোস্ট ফরাদ আলী, মৌসুমী আক্তার, জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম, সহকারী রেজিস্টার আহসান হাবিব ও হিসাবরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমানসহ একাধিক ব্যক্তির মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। ভিসির সহযোগিতায় প্রো-ভিসির অনুসারীদের স্বজনপ্রীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এছাড়াও ডিপিপির নামে কালক্ষেপন ও কর্মপরিবেশ নষ্ট করার অভিযোগ আনা হয় প্রশাসনের বিরুদ্ধে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আন্দোলনকারীদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীরা জানায়, সাধারণ কোনো শিক্ষার্থী এই আন্দোলনের সাথে জড়িত নয় এবং তাদের নাম অযৌক্তিকভাবে ব্যবহার করা হয়েছে। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যানার খুলে ফেলেন এবং বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...