জকসু ভোটের আগে উত্তপ্ত ক্যাম্পাস, উপেক্ষিত আচরণবিধি

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৪:৫৮ পিএম
জকসু ভোটের আগে উত্তপ্ত ক্যাম্পাস, উপেক্ষিত আচরণবিধি

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। ভোটের দ্বারপ্রান্তে এসে সাধারণ শিক্ষার্থীদের মনে উৎসাহ থাকলেও আচরণবিধি লঙ্ঘনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিধি নিষেধ উপেক্ষা করে প্রার্থীরা জোরকদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী গত ২৭ ডিসেম্বরের পর থেকেই সব ধরনের প্রচারণা স্থগিত থাকার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। সোমবার (৫ জানুয়ারি) ক্যাম্পাসে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট, ক্যাফেটেরিয়া এবং একাডেমিক ভবনের বিভিন্ন করিডোরে ছোট ছোট দল হয়ে লিফলেট বিলি করছেন প্রার্থীদের সমর্থকরা। ফেস্টুন নিয়ে অবস্থান এবং শোডাউনের চিত্রও স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের পরিবহন সম্পাদক পদপ্রার্থী কামরুল হাসান জানান, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ভোটারদের মনে করিয়ে দিতেই তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। প্রতিপক্ষ প্রচার চালালে তারাও বসে থাকতে পারেন না। অন্যদিকে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এজিএস প্রার্থী তানজিলের এক সমর্থক দাবি করেন, প্রাথমিকভাবে তারা নিয়ম মেনে চলতে চাইলেও প্রতিদ্বন্দ্বীদের অবাধ প্রচারণার কারণে বাধ্য হয়েই মাঠে নামতে হয়েছে তাদের।

নির্বাচনের আগেই প্রার্থীদের এমন উদাসীনতায় হতাশা প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম না মানা নেতারা নির্বাচিত হলে কতটা দায়িত্বশীল হবেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...