চবিতে মাস্টার্স শিক্ষার্থীদের জোরপূর্বক হল ত্যাগের নির্দেশ, ক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ১০:০৯ এএম
চবিতে মাস্টার্স শিক্ষার্থীদের জোরপূর্বক হল ত্যাগের নির্দেশ, ক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ছাত্রত্ব বহাল থাকলেও স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষার্থীদের জোর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

গত ২৯ নভেম্বর এবং ২৯ ডিসেম্বর প্রভোস্টের পক্ষ থেকে পৃথক দুটি নোটিশ জারি করা হয়। এতে মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের যথাক্রমে ৪ ডিসেম্বর এবং ১ জানুয়ারির মধ্যে কক্ষ খালি না করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের দাবি, ফলাফল প্রকাশের আগ পর্যন্ত তাদের ছাত্রত্ব বৈধ থাকে। এরপরও তাদের জোরপূর্বক হল ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, যা নিয়মবিরোধী। অভিযোগ আছে, ভাইভা শেষ হওয়ার আগেই অনেকের কক্ষে নতুন শিক্ষার্থীকে বসানো হয়েছে।

এ ধরনের আচরণে ক্ষুব্ধ হয়ে অনেক শিক্ষার্থী ভবিষ্যতে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ভুক্তভোগীরা জানান, পরীক্ষার ফলাফল, থিসিস জমা বা মানোন্নয়নের বিষয় ঝুলে থাকা অবস্থায় তাদের হল ছাড়তে হচ্ছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকেও প্রশ্নবিদ্ধ। রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আপেল মাহমুদসহ অনেকেই এই বাস্তবতায় হতাশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...