জকসু ভোটের দিন জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, চলবে অফিস

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১১:০৮ পিএম
জকসু ভোটের দিন জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ, চলবে অফিস

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস এবং পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে প্রশাসনিক কাজে কোনো বিঘ্ন না ঘটাতে বিশ্ববিদ্যালয়ের সব অফিস যথারীতি খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্বাচনের কারণে ওই দিন ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে ব্যক্তিগত গাড়ি না আনার অনুরোধ করেছে প্রশাসন। এছাড়া নির্বাচনী পরিবেশ অটুট রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ৩০ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তা স্থগিত করা হয়। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে নতুন সিন্ডিকেট সভায় ৬ জানুয়ারি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করে কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...