আলেমদের সঙ্গে খালেদা জিয়ার ছিল গভীর সম্পর্ক: ইআবি ভিসি

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৮:৪৮ পিএম
আলেমদের সঙ্গে খালেদা জিয়ার ছিল গভীর সম্পর্ক: ইআবি ভিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়ার বক্তব্য বা আচরণে আলেম সমাজ কখনো ব্যথিত হয়নি। তাঁর ভাষায় কখনো কটূক্তি বা কর্কশতার পরিচয় মেলেনি। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মরহুমার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সকাল সাড়ে আটটায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

ভাইস-চ্যান্সেলর বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের নানা সংকটে বেগম খালেদা জিয়া জাতিকে সঠিক নেতৃত্ব দিয়েছেন। নির্যাতন ও জুলুমের মুখেও তিনি দেশ ছেড়ে যাননি কিংবা অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি মাদরাসা শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁর আমলেই ফাজিল ও কামিলকে যথাক্রমে ডিগ্রি ও মাস্টার্সের সমমান দেওয়া হয়, যা মাদরাসা শিক্ষার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। আলেম-ওলামাদের স্বার্থে তাঁর কোনো ভূমিকাই কখনো আঘাত বয়ে আনেনি।

ড. মো. শামছুল আলম মনে করেন, বেগম খালেদা জিয়া এখন কোনো নির্দিষ্ট দলের নেত্রী নন, তিনি সারা দেশের মানুষের নেত্রীতে পরিণত হয়েছেন। তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তার প্রমাণ। ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আদর্শ ও চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেবে—এমনটাই প্রত্যাশা তাঁর। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারার, বিভিন্ন ডিন ও রেজিস্ট্রারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...