বৃত্তি বিলম্বে পদত্যাগ, জবি প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি ছাত্রশক্তির

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ৪:৪৯ পিএম
বৃত্তি বিলম্বে পদত্যাগ, জবি প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি ছাত্রশক্তির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির অর্থ বিতরণ না করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ করতে হবে। রোববার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয় বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফয়সাল মুরাদ অভিযোগ করেন, সরকার এই বৃত্তি দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে। দাবি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত এই অর্থ ছাড় করা হয়নি। তিনি স্পষ্ট করে জানান, নির্ধারিত সময়ে বৃত্তি প্রদানে ব্যর্থ হলে বর্তমান প্রশাসনের পদত্যাগ করা উচিত। এছাড়া প্রয়োজনে সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে যেখানে বৃত্তির টাকা আটকে আছে, সেখানে গিয়েই অধিকার আদায় করা হবে বলেও জানান তিনি।

এ সময় ছাত্রশক্তির মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, আবাসন সংকট বা জকসু নির্বাচন যতটাই গুরুত্বপূর্ণ হোক না কেন, হাজার হাজার দরিদ্র শিক্ষার্থীর জন্য তিন হাজার টাকার এই সম্পূরক বৃত্তি অত্যন্ত জরুরি। মাসিক ব্যয়ের বড় অংশ এই টাকা দিয়েই মেটাতে হয় তাদের। তাই দ্রুত বৃত্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...