তথ্য পাচার: যবিপ্রবির ডিন আমজাদকে ছুটি ও ক্যাম্পাসে নিষেধাজ্ঞা

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১২:২০ এএম
তথ্য পাচার: যবিপ্রবির ডিন আমজাদকে ছুটি ও ক্যাম্পাসে নিষেধাজ্ঞা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেনকে তথ্য পাচারের অভিযোগে ডিন পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে ছুটিতে পাঠানোর পাশাপাশি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. তহিদুল ইসলামের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর জাল করে যশোর কেন্দ্রীয় পোস্ট অফিস থেকে তথ্য পাঠাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ড. আমজাদ হোসেন। এই ঘটনায় উপ-রেজিস্ট্রার বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য এনএফটি বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। নির্দেশনা অনুযায়ী, তদন্ত কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ড. আমজাদ হোসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। তার স্থলাভিষিক্ত হিসেবে ওই অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পালন করবেন একই অনুষদের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...