চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু, লড়াইয়ে প্রতি আসনে ৫৬ জন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সকাল সাড়ে ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধের সূচনা হয়। চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে ২ লাখ ৩৩ হাজার ৩২৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যার ফলে প্রতি আসনের জন্য গড়ে ৫৬ জন শিক্ষার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সব ইউনিটের পরীক্ষা বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। চবি ক্যাম্পাসের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সব উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম ক্যাম্পাসে নেওয়া হবে। পরীক্ষাকে ঘিরে ২২০ জন পুলিশ সদস্যসহ মোট ৬৩৭ জন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করছেন। এছাড়া দুটি জরুরি মেডিকেল ক্যাম্প, ছয়টি তথ্যকেন্দ্র এবং অভিভাবকদের জন্য বিশ্রামাগারসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ ‘এ’ ইউনিটের পর আগামীকাল ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল সংশ্লিষ্ট চারটি অনুষদ নিয়ে গঠিত ‘এ’ ইউনিটে ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে ৮৭ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

