শোকাবহ ২০২৫: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপূর্ণ স্বপ্নের কথা

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৬:৪৪ পিএম
শোকাবহ ২০২৫: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপূর্ণ স্বপ্নের কথা

সবুজে ঘেরা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস যখন স্বপ্ন বুনছিল, ঠিক তখনই ২০২৫ সালটি নিয়ে এসেছিল বেদনাবিধুর কিছু স্মৃতি। গত এক বছরে এই বিশ্ববিদ্যালয় হারিয়েছে তার অসংখ্য পরিচিত মুখ—শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের। অসমাপ্ত পড়াশোনা, অসমাপ্ত গল্প আর স্বজনদের জন্য অগোছালো বেদনা নিয়ে তারা বিদায় নিয়েছেন, যার শূন্যতা এখনও ভর করে আছে ক্যাম্পাসের প্রতিটি কোণে।

চলতি বছরের সবচেয়ে আলোচিত ও হৃদয়বিদারক ঘটনা ছিল আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যু। ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে তার লাশ উদ্ধারের পর ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে মৃত্যুর বিষয়টি প্রমাণিত হয়। পরবর্তীতে ৪ আগস্ট তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যা বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে। দীর্ঘ পাঁচ মাস অতিক্রান্ত হলেও ঘাতকদের শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদা মাহজাবিন মৌ ও তার স্বামী হৃদয় হোসেন ৫ এপ্রিল পদ্মা নদীতে নৌকাডুবিতে মারা যান। আর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রাশেদুল ইসলাম ১৬ জুন কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার পথে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হন।

দীর্ঘদিন রোগভোগের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আরও কয়েকজন শিক্ষার্থী। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সুমাইয়া শারমিন শান্তা লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে ২১ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি রোগে আক্রান্ত হয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী উত্তম কুমার রায় ১৬ জুলাই এবং ক্যানসারের সাথে লড়ে আল হাদিস বিভাগের আবুল কাশেম ৯ আগস্ট মারা যান। এছাড়া পূজার ছুটিতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩০ অক্টোবর মৃত্যু হয় সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী দেবতোষ সরকার দিব্যর। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় হারিয়েছে তার কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকেও। বার্ধক্যজনিত কারণে ৪ নভেম্বর মারা যান আল কুরআন বিভাগের সাবেক অধ্যাপক ড. ইয়াহিয়া রহমান। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৩ জুন মারা যান উপ-রেজিস্ট্রার মো. দেওয়ান টিপু সলতান এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি প্রাণ হারান অর্থ ও হিসাব বিভাগের একজন সহকারী রেজিস্ট্রার। শারীরিকভাবে তারা হারিয়ে গেলেও তাদের স্মৃতি এই ক্যাম্পাসে চিরদিন অম্লান থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...