বছরের প্রথম দিনেই প্রাথমিকে শতভাগ বই বিতরণ সম্পন্ন
নতুন বছরের প্রথম দিনেই সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই পৌঁছে দিতে সক্ষম হয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
উপদেষ্টা জানান, এবারের বইগুলোর মান অতীতের চেয়ে অনেক উন্নত এবং এটি বর্তমান সরকারের শিক্ষা খাতে একটি উল্লেখযোগ্য অর্জন। তিনি জানান, শিশুদের সুস্থভাবে বড় হওয়ার জন্য অভিভাবকদের জন্য একটি নির্দেশিকা বই তৈরি করা হচ্ছে। মাতৃভাষায় পড়াশোনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিশুরা যদি নিজের ভাষায় সঠিকভাবে পড়তে শেখে, তবে ভবিষ্যতে উচ্চতর জ্ঞান অর্জনে তারা আরও সক্ষম হবে। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, মাধ্যমিক ও কারিগরি স্তরের ১৮ কোটি ৩২ লাখ কপি বইয়ের মধ্যে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৬ শতাংশ উপজেলা পর্যায়ে পৌঁছেছে। এনসিটিবির সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরী জানান, শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দিতে দ্রুত কাজ চলছে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে এ বছর বই বিতরণ উৎসব পালন করা হয়নি। নালন্দা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণকালে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন সাম্প্রতিক সংখ্যালঘু ও সংবাদমাধ্যমে হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, এর বিরুদ্ধে দেশের সুশীল সমাজ রুখে দাঁড়িয়েছে।

