জকসু নির্বাচন ৬ জানুয়ারিই, সব সহযোগিতার আশ্বাস শিক্ষকদের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থগিত হওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বৃহস্পতিবার বিকালে শিক্ষক সমিতির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচন, যারা নির্বাচিত হবেন তারাই হবেন প্রতিষ্ঠানটির ইতিহাসের অংশ। শিক্ষক সমিতি এই নির্বাচন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবে।
লিখিত বক্তব্যে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন জানান, গত ৩০ ডিসেম্বর সকালে উপাচার্যের ডাকা জরুরি সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়। কিন্তু সভা শেষে উদ্দেশ্যমূলকভাবে শিক্ষক সমিতির সভাপতিকে এই সিদ্ধান্তের জন্য দায়ী করা হয়। এমনকি তার বিভাগীয় কক্ষে তালা লাগানো এবং প্রশাসনিক ভবনের সামনে স্লোগান দেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক জানান, অধ্যাপক রইছ উদ্দীনের নেতৃত্বে মাত্র দেড় মাসের মধ্যে নির্বাচনের খসড়া নীতিমালা প্�স্তুত করে মন্ত্রণালয়ের অনুমোদন আনা হয়।
শিক্ষক নেতারা বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন না হওয়াকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থী ও মিডিয়ায় অধ্যাপক রইছ উদ্দীনের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। পরিকল্পিতভাবে শিক্ষকদের মর্যাদাহানি করার এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

