প্রাথমিকে বই উৎসব, মাধ্যমিকে অপেক্ষার প্রহর

প্রাইম বার্তা অনলাইন
০১ জানুয়ারি ২০২৬ ১১:৩৭ পিএম
প্রাথমিকে বই উৎসব, মাধ্যমিকে অপেক্ষার প্রহর

রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ শুরু হলেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চিত্র ছিল ভিন্ন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাড্ডা, রামপুরা ও খিলগাঁও এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনেকেই ফিরে যান খালি হাতে। সকাল থেকেই স্কুলগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমলেও মাধ্যমিক স্তরে বইয়ের স্বল্পতায় হতাশা লক্ষ্য করা যায়।

বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ বই পৌঁছেছে। প্রধান শিক্ষক আজাদুর রহমান জানান, এবার কোনো উৎসব না করে শিক্ষার্থীদের রোল নম্বর ধরে ডেকে বই দেওয়া হচ্ছে। একইভাবে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও বেলা ১১টা থেকে সব ক্লাসে একযোগে বই বিতরণ শুরু হয়। ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র আজিম উদ্দিন বলে, বই পেয়ে সে বেশ খুশি এবং বাসায় গিয়ে বইয়ের মলাট বাঁধবে।

তবে মাধ্যমিক পর্যায়ের চিত্র সম্পূর্ণ উল্টো। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা সারাদিন অপেক্ষা করেও বেশিরভাগ বই পাননি। শিক্ষকরা ব্যস্ত ছিলেন সীমিত বই সমানভাবে ভাগ করে দেওয়ার হিসাব কষায়। সহকারী শিক্ষক শহীদুল হক জানান, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের ঘাটতি বেশি থাকায় তারা কোন শ্রেণিকে কতগুলো বই দেবেন, তা নিয়ে হিসাব-নিকাশ করছেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, মাধ্যমিক ও কারিগরি স্তরের জন্য মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বই মুদ্রণের কাজ চলছে। এর মধ্যে ৬৬ শতাংশ বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। এনসিটিবি’র সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হবে না, তবে দ্রুতই সবাইকে পাঠ্যপুস্তক দেওয়ার চেষ্টা চলছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...