আজ জকসু ভোট, কড়া নিরাপত্তায় ৩ দফা দাবি ছাত্রদলের

প্রাইম বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫ ৭:৩০ এএম
আজ জকসু ভোট, কড়া নিরাপত্তায় ৩ দফা দাবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে এই ভোটগ্রহণ চলবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন করতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিয়োজন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি জানান, কেবলমাত্র নির্দিষ্ট পরিচয়পত্রধারী ভোটার ও সংশ্লিষ্ট কর্মকর্তারাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এছাড়া কোনো প্রার্থী নিজ কেন্দ্রের বাইরে যেতে পারবেন না এবং ভোট দানের পর আর কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল স্বচ্ছতা নিশ্চিতে তিন দফা দাবি উত্থাপন করেছে। তারা ডিজিটাল কারচুপি ঠেকাতে হাতে ভোট গণনার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা এবং ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালটের হিসাব দাবি করেছে। অন্যদিকে, ছাত্রদলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ও এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে ছাত্রশিবির। তাদের অভিযোগ, প্রার্থীরা ভোটারদের টাকা ও চকলেট দিয়ে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ছবিসহ ভোটার তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিভাগে ভোট দেবেন। ব্যালট পেপারে বিশেষ কোড ব্যবহার করা হবে। ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রের ফলাফল রিটার্নিং অফিসাররা ঘোষণা করবেন এবং পরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। স্বচ্ছতা আনতে এবার ভোট গণনার পুরো প্রক্রিয়া ফেসবুকে লাইভ সম্প্রচার করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...