সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শারমীন মুরশিদের আহ্বান

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১০:১৯ এএম
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শারমীন মুরশিদের আহ্বান

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও অবিচলতাই সমাজ এবং দেশের মূল্যবোধের পরিবর্তন ঘটানোর প্রধান শক্তি। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শরীফ ওসমান হাদি ও বিশ্ববিদ্যালয়ের ১১ জন নারী শহীদের স্মরণে নিজের বক্তব্য উৎসর্গ করেন তিনি। শারমীন এস মুরশিদ বলেন, গত বছরের জুলাইয়ে তরুণ সমাজ যেভাবে ন্যায় ও সমানাধিকারের দাবিতে রাজপথে নেমেছিল, তা ক্লান্ত জাতিকে নতুন করে আত্মবিশ্বাস জোগায়। তিনি গ্র্যাজুয়েটদের প্রতি নারী নির্যাতন প্রতিরোধ এবং সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।

সমাবর্তক হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উচ্চতর ডিগ্রির মূল উদ্দেশ্য শুধু ভালো চাকরি বা বেতন নয়, বরং পরিবার, সমাজ ও প্রকৃতির প্রতি দায়িত্ব পালন করা। ব্যক্তিগত আচরণ ও মূল্যবোধের পরিবর্তন ছাড়া সমাজে কোনো ইতিবাচক পরিবর্তন আসে না। এসময় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং উপাচার্য অধ্যাপক শামিম আরা হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্প্রিং-২০২১ থেকে সামার-২০২৫ পর্যন্ত যারা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তারা এই সমাবর্তনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১৩ জনকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জনকে ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...