হ্যারি কেইনের গোলখরায় ঘানার জাদুকর, সমাধানে পেরুর শামানদের আচার
ইংলিশ ফুটবল তারকা হ্যারি কেইনকে গোলশূন্য রাখতে ঘানার এক আধ্যাত্মিক চিকিৎসক করা অভিশাপের জের ধরে পেরুর শামানরা অদ্ভুত এক আচার পালন করেছেন। ঘানার বিপক্ষে ম্যাচের আগে ওই জাদুকর দাবি করেছিলেন, তিনি কেইনের ওপর এমন জাদু প্রয়োগ করেছেন যাতে তিনি আর গোল করতে না পারেন। সেই ম্যাচে কেইন একাধিক সুযোগ পেয়েও ব্যর্থ হন এবং খেলাটি গোলশূন্য ড্র হয়, যা ওই জাদুকরের দাবির সপক্ষে যায়।
এরপরই পেরুর শামানরা এগিয়ে আসেন। দক্ষিণ আমেরিকায় শামানদের আধ্যাত্মিক আচার বেশ জনপ্রিয়। কেইনের ওপর থেকে কথিত কালোজাদুর প্রভাব দূর করতে তারা এক টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ প্যান্ডেল (আচার) সম্পন্ন করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কেইনের একটি কার্ডবোর্ড প্রতিকৃতির সামনে শামানরা ধূপ ও অন্যান্য উপাদান ব্যবহার করে নেতিবাচক শক্তি দূর করার চেষ্টা করছেন। তাদের দাবি, ওই নেতিবাচক শক্তি কেইনকে স্বাভাবিক খেলতে বাধা দিচ্ছিল।
শামানদের এই আচার পালনের পরই কাকতালীয়ভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়। পানামার বিপক্ষে পরবর্তী ম্যাচে গোলের দেখা পান কেইন। ম্যাচে প্রথমে জুড বেলিংহাম গোল করলেও তার মাত্র পাঁচ মিনিট পরই স্কোরশিটে নাম লেখান কেইন। তার এই গোলেই ইংল্যান্ড ২-০ গোলে জয় নিশ্চিত করে। বিজ্ঞানসম্মত ভিত্তি না থাকলেও এই ঘটনাক্রম অনেকের মনেই কৌতূহলের সঞ্চার করেছে।

