রোনালদোর বিশ্রাম নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ পর্তুগিজ কোচ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল। তবে এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। অনেকে বলছেন, পরবর্তী রাউন্ডের জন্য ফিট রাখতে লিওনেল মেসি বা আর্লিং হ্যালান্ডের মতো তাকেও বিশ্রাম দেওয়া উচিত ছিল। এমন মতামতকে ভিত্তিহীন ও ‘ছেলেমানুষি’ বলে উড়িয়ে দিয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে কোচ জানান, অন্য দলের খেলোয়াড়দের সাথে রোনালদোর তুলনা করা একদমই বাজে ধারণা। আর্জেন্টিনা ও নরওয়ের স্ট্রাইকারদের সঙ্গে তাকে তুলনা করা বোকামি। মার্টিনেজের ভাষ্যমতে, রোনালদোর খেলা মূলত অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং পজিশনিং দক্ষতার ওপর প্রতিষ্ঠিত। তিনি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা এবং শৃঙ্খলা বজায় রাখার বিশেষজ্ঞ।
পর্তুগিজ এই কোচ আরও জানান, টুর্নামেন্টের ধকল সামলাতে রোনালদোর কোনো সমস্যা হচ্ছে না বা ক্লান্তি দেখা যাচ্ছে না। তাই তার জন্য পুরো ৯০ মিনুট খেলা কোনো বাধাই নয়। তবে পরবর্তীতে প্রয়োজনে দলগত কৌশলে পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটা যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে হতে পারে, শুধু রোনালদোর জন্য নয়।

