রোনালদোকে বিশ্রাম না দেওয়ার সমালোচনাকে ‘ছেলেমানুষি’ বললেন পর্তুগাল কোচ

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১২:৫৬ এএম
রোনালদোকে বিশ্রাম না দেওয়ার সমালোচনাকে ‘ছেলেমানুষি’ বললেন পর্তুগাল কোচ

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল। এই ম্যাচে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এ নিয়ে তাকে বিশ্রাম দেওয়া উচিত ছিল বলে পরামর্শ দেন অনেকে। তবে এমন সমালোচনা ও পরামর্শ একেবারেই গ্রহণ করেননি দলের কোচ রবার্তো মার্টিনেজ। তিনি এই আলোচনাকে ভিত্তিহীন দাবি করে সেটিকে ‘ছেলেমানুষি’ বলে অভিহিত করেছেন।

অনেকে মেসি ও হ্যালান্ডের উদাহরণ টেনে বলেছিলেন, নকআউট পর্বে সম্পূর্ণ ফিট থাকতে রোনালদোকেও বিশ্রাম দেওয়া উচিত ছিল। আর্জেন্টিনার হয়ে জর্ডানের বিপক্ষে মেসি মাঠে নামেননি একাদশে, আর ফ্রান্সের বিপক্ষে হ্যালান্ডকেও খেলানো হয়নি। জবাবে মার্টিনেজ বলেন, অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে তুলনা করা মোটেও যুক্তিসঙ্গত নয়। রোনালদোর খেলার ধরন তার দীর্ঘ অভিজ্ঞতা এবং শৃঙ্খলার ওপর প্রতিষ্ঠিত। তিনি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে অভ্যস্ত এবং মানসিক দৃঢ়তা ও পজিশনিংয়ের ক্ষেত্রে তিনি সবসময় শৃঙ্খলা বজায় রাখেন।

পর্তুগিজ কোচ আরও জানান, বিশ্বকাপের চ্যালেঞ্জ মোকাবেলায় রোনালদোর মধ্যে কোনো ধরনের ক্লান্তি বা শারীরিক সমস্যার লক্ষণ তিনি দেখেননি। তাই তার জন্য ৯০ মিনিট খেলা কোনো বিষয়ই নয়। তবে পরবর্তী ম্যাচগুলোতে কৌশলগত কারণে পরিবর্তন আনা হতে পারে, কিন্তু সেটি কেবল রোনালদোর জন্য নয়, দলের অন্য যেকোনো ফুটবলারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...