জন্মদিনে ৩৯-এ পা রাখলেন মেসি, কেক নিয়ে চমক দিলেন সতীর্থরা

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ৫:০৫ এএম
জন্মদিনে ৩৯-এ পা রাখলেন মেসি, কেক নিয়ে চমক দিলেন সতীর্থরা

বিশ্বকাপের মধ্যেই এক বিশেষ দিন পার করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আজ তিনি ৩৯ বছরে পা দিলেন এবং এই উপলক্ষ্যে তার সতীর্থরা তাকে চমকে দিতে কেক নিয়ে হাজির হন। দলের সবাই মিলে কেক কেটে মেসির জন্মদিনটি উদযাপন করেন।

মেসি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে একটি টেবিলে রাখা কেকের ওপর ‘৩৯’ সংখ্যাটি মোমবাতি দিয়ে জ্বলজ্বল করছে। ওই মুহূর্তে মেসির সঙ্গে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো। দলের একজন সাপোর্ট স্টাফ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। সবার মুখে স্পষ্ট হাসি দেখে বোঝা যায়, আর্জেন্টিনা দলটি একটি সুখী পরিবারের মতোই বন্ধুত্বপূর্ণ পরিবেশে আছে।

খেলার মাঠেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে পরাজিত করে গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে তার দল। এই দুই ম্যাচে আর্জেন্টিনার পাঁচটি গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে। এর ফলে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়াল ১৮টি, যা তাকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে নিয়ে গেছে।

সাধারণত প্রতি চার বছর অন্তর জুন-জুলাই মাসে বিশ্বকাপ আয়োজনের কারণে মেসির জন্মদিন টুর্নামেন্টের সময়েই পড়ে। ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপে এমনটাই হয়েছে। এর একমাত্র ব্যতিক্রম ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ, যা নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। ওই বিশ্বকাপ জয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ করেন মেসি। দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা এবং একটি বিশ্বকাপসহ তিনি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মোট চারটি শিরোপা জিতেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...