মেসি-রোনালদো বিতর্ক: ভক্তদের রাজনৈতিক মতাদর্শ ও পছন্দের প্রভাব
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্ক ফুটবল বিশ্বে দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ভিন্ন এক তথ্য। সিঙ্গাপুরের নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (NTU) গবেষকরা ২৬টি দেশের ১০ হাজার ৬৬১ জন মানুষের ওপর জরিপ চালিয়ে জানিয়েছেন, একজনের রাজনৈতিক মতাদর্শই তার ফুটবল তারকার পছন্দ নির্ধারণ করে।
গবেষণায় উঠে এসেছে, যারা নিজেদের উদারপন্থি বা লিবারেল হিসেবে পরিচয় দেন, তারা বেশিরভাগই লিওনেল মেসির প্রতি ঝুঁকে থাকেন। অপরদিকে, রক্ষণশীল বা কনজারভেটিভ মতাদর্শে বিশ্বাসীদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা গেছে। গবেষকরা বলছেন, এই দুই তারকার ব্যক্তিত্বের ধরন ভিন্ন। মেসিকে সাধারণত শান্ত, বিনয়ী এবং দলগত সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয়, যা উদারপন্থিদের মন জয় করে। বিপরীতে, আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী রোনালদোর ধরণটি রক্ষণশীলদের কাছে বেশি গ্রহণযোগ্য।
এই প্রবণতা বিশ্বের বিভিন্ন দেশে ভিন্নভাবে দেখা গেছে। ফ্রান্স ও চীনের ১১টি দেশে রোনালদো এগিয়ে থাকলেও, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ৮টি দেশে মেসির জনপ্রিয়তা বেশি। দক্ষিণ কোরিয়ায় মেসির সমর্থন রোনালদোর তুলনায় অনেক বেশি। গবেষণায় আরও জানানো হয়, যাদের আত্মসম্মানবোধ বা সেলফ-এস্টিম বেশি তারা রোনালদোর প্রতি বেশি আকৃষ্ট হন। তবে বয়স বাড়ার সাথে সাথে রাজনৈতিক মতাদর্শের এই প্রভাব কমে আসে।
গবেষকদের মতে, মানুষ তাদের নিজস্ব মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বকেই বেশি পছন্দ করে। ফলে এই দুই তারকা এখন কেবল খেলোয়াড় নয়, তারা মানুষের চিন্তাধারা ও আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছেন, যা মেসি-রোনালদোর বিতর্ককে আরও দীর্ঘস্থায়ী করেছে।

