জোড়া গোলে সমালোচকদের নীরব করলেন রোনালদো, গড়লেন ৬টি রেকর্ড
বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পর্তুগাল। গতকাল উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয়ে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। দলের এই জয়ের নায়ক বলয়ের রাজা খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিন তার জোড়া গোলের উপর ভিত্তি করেই বড় জয় আসে এবং এই দুই গোলের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি।
এর আগে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য থাকায় রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। সমালোচকরা বয়স ও ফিটনেসের কারণ দেখিয়ে তার খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে দুই মিনিটের মাথায় সেই সব সমালোচনার জবাব দেন তিনি। ৪১ বছর ১৩৮ দিন বয়সে এই দুই গোল করে একাধিক ইতিহাস গড়েছেন এই পর্তুগিজ তারকা।
জোড়া গোলের মাধ্যমে রোনালদো একই সঙ্গে ছয়টি রেকর্ড স্পর্শ করেছেন। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি বিশ্বকাপ আসরে (২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) গোলের খাতা খুলেছেন। এছাড়াও ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে ১১টি বড় টুর্নামেন্টে গোলের রেকর্ড নিজের করেছেন তিনি। বিশ্বকাপে ইউরোপের সবচেয়ে বয়স্ক গোলদাতা এবং বয়স্ক খেলোয়াড় হিসেবে জোড়া গোলের রেকর্ডও এখন তার দখলে। একই সাথে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড (১০টি) এখন তার একার, ভেঙে দিয়েছেন ইউসেবিওর দীর্ঘদিনের রেকর্ড। নিজ দেশের জার্সিতে সর্বকনিষ্ঠ ও সর্ববয়োজ্যেষ্ঠ গোলদাতা হওয়ার বিরল কীর্তিও অর্জন করেছেন তিনি।

