মেসি-রোনালদোর মুখোমুখি লড়াই প্রসঙ্গে যা বললেন সিআর সেভেন
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। এই জয়ে কে-গ্রুপের শীর্ষে উঠেছে রোনালদোর দল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদো কথা বলেন লিয়নেল মেসি ও আর্জেন্টিনার সম্ভাব্য লড়াই নিয়ে। জাতীয় দলের হয়ে বড় কোনো টুর্নামেন্টে এই দুই তারকার দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চলতি বিশ্বকাপে। বেশ কিছু সমীকরণ মিললে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগাল।
এই প্রসঙ্গে রোনালদো জানান, মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার প্রশ্নটি তাকে সত্যিই আনন্দ দেয়। তিনি বলেন, আমি জানি না এ প্রশ্নের উত্তর কীভাবে দেব। তবে হ্যাঁ, এটি অবশ্যই একটি দারুণ ব্যাপার হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, সবার আগে গ্রুপ পর্ব শেষ করাটাই ছিল তাদের মূল লক্ষ্য এবং সেটি তারা অর্জন করেছেন।
প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ড্র করার পর রোনালদো ও তার দল তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। এই জয়ের পর তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, শেষ সপ্তাহটি তার জন্য অন্ধকারাচ্ছন্ন ছিল। মনে হচ্ছিল যেন তিনি ফুটবল থেকেই অবসর নিয়েছেন। তবে কঠোর পরিশ্রমের ওপর বিশ্বাস রেখে তিনি আবারও ঘুরে দাঁড়াতে পেরেছেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

