হোপ-হেটমায়ারদের ঝড়ে সুপার এইটে উইন্ডিজ, টুর্নামেন্ট থেকে বিদায় নেপালের

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৫ পিএম
হোপ-হেটমায়ারদের ঝড়ে সুপার এইটে উইন্ডিজ, টুর্নামেন্ট থেকে বিদায় নেপালের

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার এইট’ পর্বে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার (১৫ ফেব্রুয়ারি) টানা তৃতীয় জয় তুলে নেয়া শাই হোপের দল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হিসেবেও নিজেদের অবস্থান মজবুত করলো। অপরদিকে, এই হারের মধ্য দিয়ে লিগ পর্বের তিন ম্যাচে টানা তিনটি পরাজয়ের স্বাদ পায় নেপাল এবং আসর থেকেই ছিটকে যায় দলটি।

মাত্র ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার ব্র্যান্ডন কিং ও অধিনায়ক শাই হোপ। তাদের ৪৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে ২২ রান করা কিং নন্দন যাদবের বলে আউট হলে। তবে এরপর আর কোনো উইকেট হারতে হয়নি ক্যারিবিয়ানদের। শাই হোপ ও শিমরন হেটমায়ার মিলে ৯১ রানের অবিচ্ছেদ জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন। হোপ ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রান করেন। অপরপ্রান্তে হেটমায়ার ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকদের বোলিং তোপে পড়ে নেপাল। দলীয় ১৭ রানের মধ্যেই কুশল ভূর্তেল, রোহিত পাওদেল ও আসিফ শেখের উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। আরিফ শেখ ও লোকেশ বাম যখন ফিরলেন, তখন দলের স্কোর ৪৬ রানেই গিয়ে দাঁড়ায়। মাঝে সপ্তম উইকেটে ৫৪ রানের একটি জুটি দলকে কিছুটা টেনেছিল, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। শেষ পর্যন্ত জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ে (৪ উইকেট) নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় নেপাল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...