প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর: ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও মাছের পোনা অবমুক্তি
আগামী রোববার কিশোরগঞ্জ জেলায় সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি জেলার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের মাঝে চলতি অর্থবছরের রাষ্ট্রীয় সম্মানি ভাতা বিতরণ করবেন। বিকেল ৪টায় সদরের পুরোনো স্টেডিয়াম মাঠে এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একই দিন সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। এরপর কটিয়াদি কার্প হ্যাচারি পরিদর্শন ও মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং স্থানীয় সাংসদরা উপস্থিত থাকবেন। চলতি অর্থবছরে সারাদেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ নেতা এই সম্মানি ভাতা পাবেন।

