পাঁচ মাসে জঞ্জাল সাফ সম্ভব নয়, সময় দিন: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৫ আগস্ট ২০২৬ ৫:৩৮ পিএম
পাঁচ মাসে জঞ্জাল সাফ সম্ভব নয়, সময় দিন: মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশে গত ১৮ বছর ধরে যে বিশৃঙ্খলা ও জঞ্জাল তৈরি হয়েছে, তা দূর করতে মাত্র পাঁচ মাস বা ১৮ মাস সময় যথেষ্ট নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আয়ম খান। তিনি বলেন, এত দীর্ঘ সময়ের সংকট সমাধানে সরকারকে আরও সময় দিতে হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে হবে।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যারা ছিনিমিনি খেলায় লিপ্ত তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। গত ১৮ বছরে রাজনৈতিক কারণে যেসব প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের যাচাই-বাছাই করে পুনরায় স্বীকৃতি দেওয়া হবে। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

বিরোধীদলের সমালোচনার জবাবে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় সরকারকে ব্যর্থ বলা হচ্ছে। কিন্তু ১৮ বছরের অব্যবস্থাপনা ও জঞ্জাল এত দ্রুত পরিষ্কার করা সম্ভব নয়। দেশের স্বার্থে সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...