গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত লিওনেল মেসির বোন
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি–র বোন মারিয়া সোল মেসি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আর্জেন্টিনার প্রভাবশালী দৈনিক লা নাসনসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এসইউভি চালানোর সময় হঠাৎ শারীরিক অসুস্থতায় পড়লে মারিয়া সোলের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় তার দুটি কশেরুকা ভেঙেছে। পাশাপাশি গোড়ালি ও কব্জিতে ফ্র্যাকচার হয়েছে এবং শরীরের কয়েকটি স্থানে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, মারিয়া সোল ইতোমধ্যে আর্জেন্টিনার রোসারিওতে ফিরেছেন। পুনর্বাসনের পুরো সময়জুড়ে পরিবার তার পাশে রয়েছে বলে জানিয়েছেন মেসির মা।
উল্লেখ্য, মারিয়া সোলের বিয়ে আগামী ৩ জানুয়ারি ইন্টার মিয়ামি–র অনূর্ধ্ব-১৯ দলের কোচ জুলিয়ান তুল্লি আরেলানোর সঙ্গে হওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনা ও দীর্ঘ পুনর্বাসনের প্রয়োজন হওয়ায় আপাতত সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
পেশাগত জীবনে মারিয়া সোল একজন ফ্যাশন ডিজাইনার। তিনি নিজের একটি ব্র্যান্ড পরিচালনা করেন এবং ভাই লিওনেল মেসির কয়েকটি প্রকল্পেও যুক্ত ছিলেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত তিনি প্রচারের বাইরে থাকেন।
এ ঘটনায় এখন পর্যন্ত লিওনেল মেসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

