জরিপে বিপুল জয়ের পূর্বাভাস, সরকার গঠনে এগিয়ে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জরিপে বিএনপির জয়ের ব্যাপক সম্ভাবনা দেখা গেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)। জরিপের ফলাফল অনুযায়ী, আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৭০ শতাংশ মানুষ, যা অন্য যেকোনো দলের তুলনায় অনেক বেশি।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জানান, গত ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশের ৩০০টি সংসদীয় আসনে ২০ হাজার ৪৯৫ জন ভোটারের সরাসরি মতামত নেওয়া হয়। ভোট প্রদানের পক্ষে জামায়াতে ইসলামীর অবস্থান দ্বিতীয়, তাদের পক্ষে মতামত দিয়েছেন ১৯ শতাংশ মানুষ। এনসিপি পাচ্ছে ২ দশমিক ৬ শতাংশ এবং অন্যান্য দলের পক্ষে মত রয়েছে ৫ শতাংশ মানুষের। গত নির্বাচনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩৫ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন, যেখানে আওয়ামী লীগের পক্ষে মত ছিল ২৭ শতাংশ মানুষের।
সরকার গঠনের সম্ভাবনা এবং বিজয়ী হওয়ার বিষয়েও বিএনপির ওপর জনগণের আস্থা স্পষ্ট। ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি সরকার গঠন করবে, অন্যদিকে জামায়াতের পক্ষে এই সংখ্যা ১৭ শতাংশ। নির্বাচনে বিজয়ী হবে কে—এমন প্রশ্নের জবাবে ৭৪ শতাংশ মানুষ বিএনপির নাম নিয়েছেন, যেখানে জামায়াতকে এগিয়ে রেখেছেন ১৮ শতাংশ মানুষ। এনসিপি বা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনা দেখছেন এক শতাংশেরও কম সাড়ে তিন শতাংশ মানুষ।

