ধানের শীষ বাঁচাতে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১১:৩৮ এএম
ধানের শীষ বাঁচাতে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে দলটির হাইকমান্ড। ধানের শীষের পক্ষে ভোটের মাঠে একতা ধরে রাখতে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রয়োজনে বহিষ্কারের মতো কঠোর পদক্ষেপও নেবে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের মনোনয়ন প্রাপ্ত ব্যক্তিদের বাইরে অন্য কেউ বিদ্রোহী হলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত দেখা গেছে ৬০টিরও বেশি আসনে শতাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ব্যারিস্টার রুমিন ফারহানা, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, তরুণ দে, সাইফুল আলম নিরব, মামুনুর রশিদ ও মেহেদী হাসান পলাশসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রমতে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করলে ওই সব নেতাকে কেন্দ্রে ডেকে বোঝানো হবে। তবে বোঝানোর পরও তারা না শুনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং অফিসাররা এখন মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন যা চলবে আগামী রোববার পর্যন্ত। আগামী ৫ থেকে ৯ জানুয়ারি আপিল দায়ের করা যাবে এবং ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...