বাড়ি গাড়ি নেই আখতারের, নগদ টাকা ১৩ লাখ, চলছে তদন্ত দুই মামলা

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১০:১৩ এএম
বাড়ি গাড়ি নেই আখতারের, নগদ টাকা ১৩ লাখ, চলছে তদন্ত দুই মামলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। নিজের আর্থিক অবস্থার বিবরণে তিনি জানিয়েছেন, তার কোনো বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি নেই। তবে হাতে রয়েছে প্রচুর নগদ অর্থ। শিক্ষাগত যোগ্যতায় এই শিক্ষানবিশ আইনজীবী স্নাতকোত্তর বা এলএলএম ডিগ্রিধারী।

আখতার হোসেনের হলফনামা অনুযায়ী, তার দখলে থাকা নগদ টাকার পরিমাণ ১৩ লাখ। এছাড়া ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা ৪৫ পয়সা। তিনি ১৮ শতক জমির মালিক, যার ক্রয়মূল্য দেখানো হয়েছে মাত্র ২৩ হাজার টাকা। আয়ের উৎস হিসেবে তিনি উত্তরাধিকারসূত্রে পাওয়া ব্যবসা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা, চাকরি থেকে ২ লাখ ৪০ হাজার টাকা এবং কৃষি খাত থেকে ৮৫ হাজার টাকা আয় দেখিয়েছেন।

এই আইনজীবীর বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা বিচারাধীন রয়েছে। তবে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তার বিনিয়োগ নেই। তার আসবাবপত্রের মূল্য ১ লাখ ২০ হাজার এবং নিজের গয়নার মূল্য ৭ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। তার স্ত্রী, যিনি একজন গৃহিণী, তার কাছে ৪ লাখ টাকা নগদ এবং ১০ লাখ টাকার গহনা রয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে তিনি মোট ৫ লাখ ৫ হাজার টাকা আয় দেখিয়ে ১০ হাজার ৫০০ টাকা কর পরিশোধ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...