চাঁদপুরে বাজার ইজারা নিয়ে বিএনপির দ্বন্দ্ব, আহত ৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে দলের অভ্যন্তরেই সংঘর্ষে জড়ালো বিএনপির দুই গ্রুপ। বুধবার দুপুরে দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে, যাতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
পৌরসভার গরুর বাজার, মাছ বাজার ও ৫টি সিএনজি স্ট্যান্ড ইজারার দরপত্র জমা দিতে গিয়ে এই সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা আবু সাঈদ বেপারী এবং পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজীর অনুসারীরা পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধান, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী ও আমিনুল হক সরকারসহ তাদের অনুসারীদের ওপর হামলা চালায়। এতে বদরুজ্জামান (৫৫), সায়েম (২০) ও সফিউল্লাহ (৩৫)সহ ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
টেন্ডার বক্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির নান্নু প্রধান ও নুরুল হক সরকার। তারা অভিযোগ করেন, উপজেলা ও থানায় বক্স না রেখে শুধুমাত্র পৌরসভায় বক্স রাখা হয়েছে এবং প্রশাসনের একপক্ষিয় আচরণের কারণে তারা দরপত্র জমা দিতে বাধ্য হয়েছেন। অপরদিকে, আবু সাঈদ বেপারী দাবি করেন, নির্ধারিত সময়ের পর তারা এসে বাধা দেন এবং এর জেরে সংঘর্ষ হয়।
ছেঙ্গারচর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, নির্দিষ্ট সময়ের ৫ মিনিট আগে বিতর্কিতরা এসে বাধা দেন। তিনি জানান, সাতটি স্থানের বিপরীতে সাতটি দরপত্রই জমা পড়েছে। অবশ্য বিএনপির ওই গ্রুপ টেন্ডার বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে।

