মেয়র পদে লড়ছেন ইশরাক হোসেন, পুরান ঢাকায় আলোচনার ঝড়
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই ঘোষণার পর থেকেই তার নির্বাচনী এলাকা পুরান ঢাকার অলিগলিতে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পুরান ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠান, চায়ের দোকান এবং স্থানীয় বৈঠকগুলোতে ইশরাক হোসেনের মেয়র পদে অংশগ্রহণ নিয়ে চলছে তুমুল আলোচনা ও আগ্রহ।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইশরাকের প্রতি রয়েছে ব্যাপক সমর্থন। বংশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন আহমেদ জানিয়েছেন, ইশরাক হোসেন পুরান ঢাকার গর্ব এবং তার পারিবারিক রাজনৈতিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরহাদ রানা বলেন, ২০২০ সালের নির্বাচনে পরিকল্পিতভাবে ফলাফল পরিবর্তন করা হলেও ইশরাক হোসেনই একমাত্র যোগ্য প্রার্থী, যিনি জামাত-এনসিপি জোট বা অন্য যেকোনো প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী হতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন, ইশরাকের বাবা সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ঢাকা শহরকে মডেল শহর হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, তরুণ ও মেধাবী ইশরাক হোসেনের মাধ্যমেই তা বাস্তবায়ন সম্ভব।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও ইসমত আরা দম্পতির সংসারে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৭৮,৮৫০ ভোট পেয়ে জয়ী হয়ে বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। গত ২০২৫ সালের ১১ অক্টোবর তিনি ব্যারিস্টার নুসরাত খান শহীদের সঙ্গে বাগদানের বন্ধনে আবদ্ধ হন।

