সরকারি বেতনেই সন্তুষ্ট থাকতে হবে, দালাল ও ঘুস বরদাশত করা হবে না

প্রাইম বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:৫৫ এএম
সরকারি বেতনেই সন্তুষ্ট থাকতে হবে, দালাল ও ঘুস বরদাশত করা হবে না

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের নির্ধারিত বেতন-ভাতা দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এসে কোনো প্রকার ঘুস-দুর্নীতি বা অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। বুধবার দুপুরে দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরাসরি সম্বোধন করে এমপি বলেন, থানায় এখন থেকে কোনো দালাল থাকতে পারবে না। তিনি জানান, গোপনে সাধারণ মানুষ পাঠিয়ে তিনি যাচাই করেছেন এবং দেখেছেন দালাল ছাড়া সেখানে কোনো কাজই হয় না। এমনকি তিনি নিজে একজন ব্যক্তিকে মামলা করতে পাঠিয়ে বাস্তবতা দেখেছেন। এ সময় তিনি একজন প্রভাবশালী দালাল এবং থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করতে হবে। তিনি জানান, আল্লাহ তাকে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন এবং তিনি সেই লক্ষ্যেই কাজ করবেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং গোমতী নদীর মাটি কাটা বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...