বিনাপয়সায় এমপি হয়েছি, সেবাও দেব ফ্রি: গোমতীতে মাটি কাটা বন্ধে হুঁশিয়ারি
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন, জনগণ যেহেতু কোনো খরচ ছাড়াই তাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, তিনিও নিজ এলাকার বাসিন্দাদের কোনো প্রকার টাকা না নিয়ে সেবা দেবেন। তিনি বলেন, মানুষ যেন মৌলিক সেবা পেতে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেদিকে তিনি সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। বুধবার দেবিদ্বার উপজেলা পরিষদে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসন ও পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন এই এমপি। তিনি অভিযোগ করেন, মাটি খেকোরা পুলিশকে আগেই খবর দিয়ে রাখে এবং জরিমানার টাকাকে তারা ব্যবসায়িক খরচ বা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে। এই অবৈধ মাটি উত্তোলনে পুলিশের কিছু সদস্য জড়িত থাকায় সমঝোতার মাধ্যমে কাজ চলছে বলেও তিনি দাবি করেন। গতকাল রাতে তিনি গোপনে নদীর বিভিন্ন স্পট পরিদর্শন করেছেন এবং তার উপস্থিতি টের পেয়ে কেউ মাটি কাটার সাহস পায়নি। তিনি স্পষ্ট বলেছেন, দেবিদ্বারের পাঁচটি স্পটের মধ্যে যেন আর এক কোদালও মাটি কাটা না হয়। কোনো স্থানে মাটি কাটা হলে তা প্রশাসনের অবহেলা বলে তিনি মনে করবেন।
দেবিদ্বার নিউমার্কেট এলাকায় যানজট নিরসনে বাজার স্থানান্তরের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাংসদ। রাস্তার পাশে দোকানপাট বসানোর কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে। তিনি নির্দেশ দিয়েছেন, দেবিদ্বার পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেট প্রস্তুত করতে হবে এবং আইনগতভাবে বাধ্য করে হলেও ব্যবসায়ীদের সেখানে সরিয়ে নেওয়া হবে।

