খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ড্যাব মিটফোর্ডের দোয়া ও ইফতার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করতে এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মিটফোর্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু এবং যুগ্ম-মহাসচিব ডা. শেখ ফরহাদ। ড্যাব মিটফোর্ড শাখার সভাপতি ডা. মো. মেহেদী হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও অনুষ্ঠানে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হামিদুর রহমান হামিদ ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিরলসভাবে কাজ করে জনগণের সেবা করছেন। তিনি দরিদ্র ও অসহায় রোগীদের সঠিক এবং আন্তরিক সেবা প্রদানের জন্য চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানান এবং যেকোনো সংকটে জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে জনগণের সরকার দেশের উন্নয়নে কাজ করছে। দেশের অগ্রগতিতে সবাইকে অবদান রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ডা. মো. মেহেদী হাসান বলেন, আমাদের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের ফলে আজ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে কাজ করতে হবে এবং এই সরকারকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

