রাষ্ট্রপতির বক্তব্যে অসঙ্গতি, ৫ আগস্টের ঘটনা আড়ালের অভিযোগ
গণঅভ্যুত্থানের মূল ঘটনা ও ওইদিনের রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যে বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। সেখানে তিনি গত ৫ আগস্টের ঘটনাপ্রবাহ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের নানা দিক তুলে ধরেন। ওইদিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর বঙ্গভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাষ্ট্রপতি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত আমীরও। তবে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি ওই বৈঠকে প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে যা বলেছিলেন তা এখন স্বীকার করছেন না বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে জামায়াত আমীর বলেন, কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ ও পরিস্থিতি নিয়ে ওইদিন রাষ্ট্রপতি উপস্থিত নেতাদের যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির কাছে যা তুলে ধরেছিলেন, বর্তমান সাক্ষাৎকারে তার কিছুই তিনি স্বীকার করেননি। তিনি প্রশ্ন রাখেন, কোটি কোটি মানুষ যা শুনেছে এবং সেদিন তিনি যা বলেছেন, তার সাথে এখন যা বলছেন তার হিসাব রাষ্ট্রপতি কীভাবে মিলিয়ে দেবেন? তিনি আরও বলেন, জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এমন আচরণ কেউ মেনে নিতে পারে না।

