গুমের শিকার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিনের নাটকীয় ঘুরে দাঁড়ানোর গল্প
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একসময় নিখোঁজ হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। যে বাহিনীর সদস্যদের দ্বারা তিনি গুমের শিকার হয়েছিলেন, আজ সেই বাহিনীই তার নিয়ন্ত্রণ ও নির্দেশনায় কাজ করবে—কক্সবাজারের রাজনীতিতে এটিকে ইতিহাসের এক অভূতপূর্ব মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে তাকে তুলে নেওয়া হয়। টানা ৬২ দিন নিখোঁজ থাকার পর ভারতের শিলংয়ে তার সন্ধান মেলে। এরপর দীর্ঘ প্রায় নয় বছর তিনি ওই দেশে আটকা পড়েন এবং আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ২০২৪ সালের আগস্টে দেশে ফিরে আসেন। এরই মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি তার রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করেন।
১৯৮৫ সালে সপ্তম বিসিএসের প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকরি ছেড়ে দিয়ে ১৯৯৬ সালে সরাসরি রাজনীতিতে আসেন এবং একই বছর সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ দুই দশক পর কক্সবাজারের কোনো প্রতিনিধি পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিলেন। দলীয় সূত্রগুলো জানিয়েছে, প্রশাসনিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের আন্দোলনের সুবাদে তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

