নতুন মন্ত্রিসভায় বৈচিত্র্য ও প্রজন্মের সমন্বয় দেখছেন সারা হোসেন

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৩ পিএম
নতুন মন্ত্রিসভায় বৈচিত্র্য ও প্রজন্মের সমন্বয় দেখছেন সারা হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের পর গঠিত নতুন সরকার ও মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেছেন, নতুন মন্ত্রিসভায় এক ধরণের বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে, যা ইতিবাচক দিক। নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানা আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সারা হোসেন বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, এবার তাদের মন্ত্রী করা হয়নি। বিপরীতে তখন যারা ভালোভাবে দায়িত্ব পালন করেছিলেন, তাদের রাখা হয়েছে। এছাড়া আগে মন্ত্রীত্ব না পাওয়া অনেক নতুন ব্যক্তিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন প্রজন্মকে এভাবে সরকারে স্থান দেওয়াকে তিনি সরকারের ভালো দিক হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেছেন, জুলাই সনদে সই করা বিএনপি গণভোট ও সংস্কার পরিষদের বিষয়ে অবগত ছিল। তাই তাদের এই অবস্থান অস্বাভাবিক। তবে বিএনপির এমপি হুম্মাম কাদের চৌধুরী দাবি করেন, সংবিধানের মর্যাদা রক্ষার্থেই তারা দ্বিতীয় শপথ এড়িয়েছেন। এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ মনে করেন, নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...