আ.লীগকে গণহত্যাকারী বললেন মঞ্জু, প্রশ্ন কার্যালয় খোলার
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। গতকাল বুধবার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন রাখেন, একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার সাহস পায়। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় আসা সরকার যদি বিচার ছাড়া তাদের পুনর্বাসনের পথ সুগম করে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না।
এসময় জুলাই আন্দোলনের ঘটনা স্মরণ করে মঞ্জু অভিযোগ করেন, শেখ হাসিনার সরাসরি নির্দেশেই ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়েছিল। তিনি বলেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের সুফল পেলেও শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ যেন কোনোভাবে লুণ্ঠিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া তিনি টিআইবির রিপোর্ট উল্লেখ করে বলেন, গত নির্বাচনে ২২ শতাংশ ভোট কেন্দ্রে জালিয়াতি হয়েছে; চর দখল বন্ধ ও স্বচ্ছ ভোটের জন্য নির্বাচন কমিশন ঢেলে সাজানোর পাশাপাশি সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর দাবি জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেন এই রাজনীতিবিদ। পাশাপাশি নির্বাচনের পর সংঘটিত সহিংসতা, বাজার অস্থিরতা এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

