জজের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ, পার্বত্য মন্ত্রী হলেন দীপেন দেওয়ান

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব শুরু করেন। একজন সাবেক জেলা জজ হিসেবে তার রাজনৈতিক যাত্রা এবং সর্বশেষ মন্ত্রিত্ব পাওয়া দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
প্রয়াত রাষ্ট্রীয় নেত্রী খালেদা জিয়ার আহ্বানে ২০০৬ সালে তিনি সপ্তম বিসিএসের জুডিশিয়াল ক্যাডারের চাকরি থেকে ইস্তফা দিয়ে বিএনপিতে যোগদান করেছিলেন। রাঙামাটির প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক উপদেষ্টা সুবিমল দেওয়ানের পুত্র দীপেন দেওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পারিবারিক ঐতিহ্য ও রাজনীতির প্রতি অনুরাগ তাকে আইন পেশা থেকে সরাসরি রাজনীতির ময়দানে নিয়ে আসে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। বর্তমানে তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রায় দুই দশক ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

