হাটহাজারীর কৃতি সন্তান মীর হেলাল মন্ত্রিসভায়, নেতাকর্মীদের উল্লাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদের আংশিক) আসনে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এমপি হয়েই প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের সদস্য হওয়ায় তার নির্বাচনী এলাকাজুড়ে বয়ে গেছে খুশির জোয়ার।
হাটহাজারী পৌরসভার মীরের খীল গ্রামের বাসিন্দা মীর হেলাল এই আসনে দলের প্রতীক পুনরুদ্ধার করেন। নির্বাচনে তিনি ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাছির উদ্দীন মুনিরকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন। মন্ত্রিসভায় তার স্থান পাওয়ার খবরে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন।
স্থানীয় নেতারা জানান, হাটহাজারী থেকে নির্বাচিত হয়ে এই প্রথম কেউ মন্ত্রী হওয়ার সম্মান অর্জন করলেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি এ জয়কে হাটহাজারীবাসীর জন্য বয়ে আনা সৌভাগ্য বলে অভিহিত করেছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা আবদুস শুক্কুর বলেন, হেলাল উদ্দিনের এই অর্জন এলাকাবাসীর দীর্ঘদিনের আশা পূরণ করেছে। সবাই আশা করছেন, মেধাবী এই রাজনীতিবিদ হাটহাজারী ও বায়েজিদকে একটি আদর্শ জনপদে পরিণত করতে কাজ করবেন।

