মুরাদনগরের গর্ব কায়কোবাদ হলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এ খবরে নির্বাচনী এলাকা মুরাদনগর জুড়ে খুশির জোয়ার বয়ে গেছে। নেতাকর্মী ও সাধারণ মানুষ আনন্দ উদযাপন এবং শোকরানা আদায়ের মাধ্যমে এই অর্জন উদযাপন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাবল হ্যাটট্রিকের স্বাদ্য পান এই জনপ্রিয় নেতা। এর আগে দীর্ঘ ১৬ বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। ৫ আগস্টের পরিবর্তনের পর দেশে ফিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেন তিনি। এর আগে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত মুরাদনগরের রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন এই সাংসদ। স্থানীয়রা তার এই উন্নয়নের জন্য তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, কায়কোবাদ সাহেবের এই অর্জনে এলাকার মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। সর্বস্তরের মানুষ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, সব কিছু আল্লাহর হুকুমে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও পরিচ্ছন্ন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা হবে।

